কাজের ব্যবস্থাপনায় মন্ত্রণালয়গুলোর সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের চুক্তি
‘সরকারি কর্মসম্পাদনা ব্যবস্থাপনা পদ্ধতি’ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে ১০টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’- এপিএ হয়েছে।
এর ফলে সরকারের রূপকল্প ও নীতি বস্তুনিষ্ঠভাবে বাস্তবায়নে জনপ্রশাসনের কর্মকর্তাদের কাজের তদারকি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
তিনি বলেন, “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি- এপিএ অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগ এক বছরের টার্গেট দিয়ে জানাবে, তারা কী কী করতে চায় এবং কোন কোন ইন্ডিকেটরস অর্জনের চেষ্টা করবে।
“মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রণালয়/বিভাগকে সেই টার্গেট অর্জনে সার্বিক সহায়তা করবে। কিছু কাজ বাস্তবায়নে মন্ত্রণালয় একাই কাজ করতে পারে। কিন্তু কিছু কাজ করতে অন্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন হয়।”
মন্ত্রণালয়/বিভাগকে বাস্তবতার ভিত্তিতে এপিএ করতে হবে জানিয়ে মোশাররাফ হোসাইন বলেন, সরকারের ডেভেলপমেন্ট প্রাইরোরিটি, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও বাজেট কাঠামোর ওপর ভিত্তিতে এপিএ হবে।
প্রধানমন্ত্রীর পক্ষে মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের পক্ষে সংশ্লিষ্ট সচিবরা চুক্তিতে স্বাক্ষর করেন।
সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সেতু বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে চুক্তি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এছাড়া আরো ৩৮টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে এ বিষয়ে শিগগিরই চুক্তি হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
মোশাররাফ বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, এই চুক্তি টার্নিং পয়েন্ট, প্রশাসনিক ব্যবস্থায় নব যুগের সূচনা হবে।”
এছাড়া এপিএ অনুসারে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে কর্মকর্তাদের প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান মোশাররাফ।
এপিএ বাস্তবায়নের ফলে মন্ত্রণালয়ের ব্যর্থতা চিহ্নিত হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে- এমন প্রশ্নে মোশাররাফ বলেন, সমস্যার ধরনের উপর এটা নির্ভর করবে। এটা পরোক্ষভাবে দূর্নীতি দমনে সহায়তা করবে কারণ কর্মকর্তাদের অ্যাকাউন্টিবেলিটিও এখানে জড়িত।
এছাড়া এপিএ সরকারি কর্মকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিতেও সহায়তা করবে বলে মনে করনে মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, “এপিএ মন্ত্রীদের জন্যও ইনপরটেন্ট টুলস। পর্যায়ক্রমে এপিএগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে যেন জনগণও এ বিষয়ে জানতে পারেন।”
