২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর আপিল আদালতের কার্যতালিকায়

যুদ্ধাপরাধ মামলায় আপিল বিভাগে বিচারাধীন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিল কার্যতালিকায় এসেছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 10:55 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

সেই সঙ্গে জামায়াতগুরু গোলাম আযমের আপিলও এসেছে কার্যতালিকায়। তবে তিনি ইতোমধ্যে মারা যাওয়ায় আইন অনুযায়ী তার মামলা আর চলবে না বলে আইনজীবীরা ইতোমধ্যে জানিয়েছেন।

প্রধান বিচারপতি এস কে সিনহার আদালতের মঙ্গলবারের কার্যতালিকায় গোলাম আযম ও নিজামীর আপিল দুটি যথাক্রমে ২ ও ৩ নম্বরে রয়েছে।

একাত্তরের যুদ্ধাপরাধে ৯০ বছরের দণ্ড ভোগের মধ্যে গোলাম আযম গত ২৩ অক্টোবর মারা যান।

এর আগে সাজা ভোগকালে গত বছরের ৩০ অগাস্ট মারা যান দণ্ডিত যুদ্ধাপরাধী আবদুল আলীম। তার আপিলও বিচারাধীন ছিল। সেই আপিলের আনুষ্ঠানিক ইতি ঘটাতে কার্যতালিকায় আসার পর।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. একরামুল হক টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ রকম কোনো সিদ্ধান্ত দিতেই হয়ত মামলাটি কার্যতালিকায় এসেছে।

আপিল বিভাগে বিচারাধীন যুদ্ধাপরাধ মামলাগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে মুজাহিদের আপিল। শুনানির জন্য দুই দফা মামলাটি কার্যতালিকায় এসেছিল।

আপিলের দায়েরের দিক থেকে এরপর রয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল। এই মামলায় আদালতে আপিলের সার সংক্ষেপ জমা হয়েছে।

এরপরই রয়েছে নিজামীর মামলা। গত ২৩ নভেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই যুদ্ধাপরাধী আপিল করেন।

এই মামলায় আপিলের সার সংক্ষেপ জমা দেওয়া সংক্রান্ত বিষয়ে আদেশ দিতেই বিষয়টি কার্যতালিকায় এসেছে বলে ধারণা করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক টুটুল।

নিজামীর পরে রয়েছে জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল, যুদ্ধাপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে তারও মৃত্যুদণ্ড হয়েছে।