২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় বিএনপি-জামায়াতের গ্রেপ্তার ৫৬

নাশকতায় জড়িত থাকা ও পরিকল্পনার অভিযোগে জয়পুরহাট, সিরাজগঞ্জ, দিনাজপুর ও ফরিদপুরে বিএনপি ও জামায়াত শিবিরের ৫৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 08:14 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

রোববার রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত অভিযান চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:

জয়পুরহাট

রোববার রাতভর অভিযান চালিয়ে জয়পুরহাটের বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ১৩ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে জয়পুরহাট সদরের পাঁচ বিএনপি কর্মী, পাঁচবিবির ছয় বিএনপি ও এক জামায়াতকর্মী এবং ক্ষেতলালে  এক বিএনপিকর্মীকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন জয়পুরহাট পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক।

তিনি বলেন, রোববার আওয়ামী লীগের সমাবেশে হাতবোমা হামলাসহ বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি-জামায়াতের কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও এনায়েতপুরে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ১৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির আট কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের প্রত্যেকের নামে নাশকতা, মন্দির ও আওয়ামী লীগ কার্যালয় ভাংচুরসহ একাধিক মামলা রয়েছে।

উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, রোববার রাতে নাশকতার মামলায় সদর উপজেলার চন্ডিদাসগাঁতি গ্রামের জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

দিনাজপুর

দিনাজপুরে বিভিন্ন সময়ে সন্ত্রাস ও নাশকতায় জড়িত বিভিন্ন মামলার ২৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে আট জামায়াত-শিবিরকর্মী রয়েছে।

কোতোয়ালি থানার ওসি এস এম খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা বিভিন্ন থানায় দায়ের করা সন্ত্রাস ও নাশকতার মামলার পলাতক আসামি বলে জানান তিনি।

ফরিদপুর

নাশকতার পরিকল্পনার অভিযোগে ফরিদপুর সদরে ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে শহরের মধ্য আলীপুরের একটি ভবনের তৃতীয় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হুমায়ুন কবির (২৫) শিবিরের ফরিদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সভাপতি।

কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, হুমায়ুন ওই বাড়িতে থেকে নাশকতার বিভিন্ন পরিকল্পনা করে আসছিল । তার কাছে থেকে বিপুল পরিমান জিহাদি বই, একটি ল্যাপটপ, শিবিরের চাঁদা আদায়ের রশিদ  ও গোপন পরিকল্পনার কিছু দলিল জব্দ করা হয়েছে।