গাইবান্ধায় পুলিশের গুলিতে এক ব্যক্তি আহত
গাইবান্ধার সাঘাটা উপজেলায় পুলিশের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন, যিনি আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাই চক্রের হোতা বলে দাবি পুলিশের।
গুলিবিদ্ধ মতিয়ার রহমানকে (৪০) সোমবার ভোরে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিয়ার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউয়িনের জুমারবাড়ী (বসন্তপাড়া) গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
রোববার রাত ৩টার দিকে উপজেলার জুমারবাড়ী বাজার থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সাঘাটা থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে পলাশবাড়ী ও সাঘাটা থানা পুলিশ জুমারবাড়ী বাজারে যৌথ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মতিয়ার পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তার পায়ে গুলি করলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, মতিয়ার আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাই চক্রের হোতা। তার বিরুদ্ধে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে সাঘাটা, পলাশবাড়ী ও গাইবান্ধা সদর থানায় একাধিক মামলা রয়েছে।
