সিলেটে পাথর কোয়ারিতে মাটিচাপায় নিহত ৪ শ্রমিক
সিলেটের কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনের সময় মাটিচাপা পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামের এতিম হোসেনের ছেলে মইন (৪০), আনোয়ার হোসেনের ছেলে দানা মিয়া (৪২), শাহজালালের ছেলে দেলোয়ার (২৪) ও ছিদ্দিক আলীর ছেলে এমদাদুল হক সেলিম (৪২)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি দেলওয়ার হোসেন জানান, রোববার রাতে ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে বিভিন্ন গর্তে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। এ সময় আকস্মিক একটি গর্তের পাড় ভেঙে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই এ চার শ্রমিকের মৃত্যু হয়।
