একুশে মেলা: ফুটপাতে ব্যাঘাত মূল আয়োজন
মূল আয়োজনের বাইরে ফুটপাতে নকল বইয়ের পসরা নিয়ে প্রতিবছর অভিযোগ ওঠে একুশের গ্রন্থমেলায়। সেই অভিযোগই যেন ফিরে এল ‘গরম’ হয়ে ওঠা মেলার বাইশতম দিনে।
একুশের পরের দিন মেলায় উপচে পড়া ভিড় থাকবে সেটাই স্বাভাবিক। রোববার বিকেলের চিত্র তাই না বললেও বেশ অনুমেয়।
সন্ধ্যা নাগাদ ভিড়ের মাত্রা যে আকার ধারণ করলো তাতে সব অভিযোগ চাপা পড়ে যাওয়ারই কথা। তাছাড়া মেলার শেষ সময়ে এসে পাল্লা দিয়ে বেড়েছে প্রকাশনীগুলোর বিক্রি-বাট্টাও। তবে তারপরও নকল বইয়ের কারণে নাখোশ প্রকাশনীগুলো।
বইমেলাকে ঘিরে বাংলা একাডেমির সম্মুখের রাস্তায় দোয়েল চত্বর থেকে শুরু করে টিএসসি পর্যন্ত এলাকাকে নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হলেও এই রাস্তার দুই পাশেই হরেক রকম পণ্যের পসরা সাজাতে দেখা যায় হকারদের।
এছাড়াও টিএসসি থেকে শুরু করে উত্তরে শাগবাগ পর্যন্ত ফুটপাতেও রয়েছে এ ধরনের দোকান। এসব দোকানের অধিকাংশই ঢাকা ও কলকাতার বিভিন্ন প্রকাশনীর নকল বইও বিক্রি হচ্ছে।
হকারদেরকে সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তার পাশে স্টল সাজানোর জন্য পুলিশ নিয়মিত কিছু টাকা দিয়ে থাকেন তারা। এরপরও কোনো দিক থেকে চাপ এলে পুলিশ তাদেরকে উঠিয়ে দেয়।
প্রকাশনীগুলোর অভিযোগের মুখে সন্ধ্যার কিছুক্ষণ আগে ফুটপাতের দোকান উচ্ছেদে অভিযান শুরু করতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তবে কিছুক্ষণের মধ্যেই পূর্বাবস্থায় দেখা গেল হকারদের।
এ বিষয়ে বাংলা একাডেমির প্রশাসন বিভাগের পরিচালক মো. হাসান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেলাকে কেন্দ্র করে যাতে করে এ ধরনের হকার না আসতে পারে সে ব্যাপারে তারা পুলিশের সহায়তা নিয়ে থাকেন। এবারও শাহবাগ থানা পুলিশ মেলার নিরাপত্তাসহ এসব বিষয় দেখছে।
পুলিশ হকারদের তাড়িয়ে দিলেও কিছুক্ষণ পর তারা আবার ফিরে আসে বলে স্বীকার করেন হাসান।
হকার ও নকল বইয়ের স্টল বসার ক্ষেত্রে পুলিশের ‘অনুসমর্থন’ আছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেসব হকার এর মধ্যে ঢুকছে তারা তো পুলিশের চোখের সামনে দিয়েই ঢুকছে। বিষয়টি তো বুঝতেই পারছেন।”
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন হকারও জানালে একই তথ্য।
তারা জানান, প্রতিদিনই থানার লোকজনকে নির্দিষ্টহারে চাঁদা দেন তারা। এক এসআইয়ের কাছে টাকা দিলেও যেদিন উচ্ছেদ করা হবে সেদিন অন্য একজনকে দায়িত্বে পাঠানো হয়।
