২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ড যাচ্ছেন না প্রধানমন্ত্রী

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আসন্ন নিউ জিল্যান্ড সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নূরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 08:00 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

আগামী ১১ মার্চ থেকে ১৪ মার্চ নিউ জিল্যান্ড সফরে থাকার কথা ছিল তার। ওই সময়ে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট ম্যাচটিও দেখতেন তিনি।    

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তার এই সফর বাতিল করেছেন।

গত ৫ জানুয়ারি থেকে টানা অবরোধ কর্মসূচি দিয়ে রেখেছে বিএনপি জোট। এর মধ্যেই বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা ও নাশকতায় প্রাণ হারিয়েছেন ১০০ জনের বেশি সাধারণ মানুষ।

এ অবস্থায় বিএনপিকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে আসছে আন্তর্জাতিক মহল; আর সংকট নিরসনে তারা উদ্যোগী হতে বলেছে সরকারকে।

দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ দেখার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি।

আগামী ১৩ মার্চ হ্যামিল্টনে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের ওই ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্বাধীনতা অর্জনের পর যেসব দেশ শুরুতেই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল তাদের মধ্যে নিউ জিল্যান্ড অন্যতম, যদিও দুই দেশের সম্পর্ক তেমন এগোয়নি।