‘নাশকতায় অর্থ’, আইনজীবীসহ গ্রেপ্তার ২
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালে নাশকতায় আর্থিক সহযোগিতার অভিযোগে রাজশাহীতে এক আইনজীবীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে নগরী ও তানো উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বোয়ালিয়া ও তানোর থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
এরা হলেন- রাজশাহী আইনজীবী সমিতির অডিট সম্পাদক ও বিএনপি নেতা আহাম্মদুর রহমান রুমন (৪২) ও তানোর উপজেলা জামায়াতের নায়েবে আমির রমজান আলী।
বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন বলেন, "আইনজীবী রুমন হরতাল-অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ডে আর্থিক সহযোগিতা দিয়ে আসছিলেন।
“এছাড়া ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি নগরীর শাহ মখদুম থানার সামনে বোমা বিস্ফোরণ এবং কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনার মামলার আসামি তিনি।"
এদিকে তানোর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অবরোধ ও হরতাল চলাকালে তানোরে বাসে পেট্রোল বোমা হামলার মদদদাতা হিসেবে জামায়াত নেতা আমিরকে গ্রেপ্তার করা হয়েছে।
তানোরে পেট্রোল বোমায় নয় যাত্রী দগ্ধের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
