‘শিগগিরই’ আসছেন জন কেরি
প্রথম সফরে শিগগিরই বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
ওয়াশিংটনে কেরির সঙ্গে বৈঠক করে আসা পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়ে আসেন মাহমুদ আলী।
“দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে তিনি আসছেন। তিনি (কেরি) আমায় বলেছেন, ‘আমি অবশ্যই যাব,” বলেন তিনি।
কেরির আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরে এসেছিলেন।
যুক্তরাষ্ট্র থেকে রোববার সকালেই দেশে ফিরেছেন মাহমুদ আলী।
দেশে সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপি জোটের হরতাল-অবরোধে নাশকতার মধ্যে সহিংস জঙ্গিদের মোকাবেলা বিষয়ক এক সম্মেলনে অংশ নিতে ওয়াশিংটন যান পররাষ্ট্রমন্ত্রী, সেখানে কেরির সঙ্গে তার বৈঠক হয়।
ওয়াশিংটনে জন কেরির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী
বাংলাদেশে চলমান নাশকতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, যাতে গত দেড় মাসে একশ’ মানুষ মারা গেছে।
সাধারণ মানুষকে সহিংসতার লক্ষ্যবস্ত করার সমালোচনা করে তা কোনোভাবে সহ্য করার নয় বলে মন্তব্য করেছেন কেরি। সরকারকে তা থামানোর আহ্বান জানানোর পাশাপাশি সব রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান তিনি।
বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও জানান কেরি।
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান কী- জানতে চাইলে মাহমুদ আলী বলেন, “তারা আমাদের সহিংসতা থামাতে বলেছে এবং বলেছে তা যেন দ্রুতই থামানো হয়।
“তারা সরকারের পাশেই রয়েছে। তারা সরকারের হাত আরও শক্তিশালী করতে চায়। তিনি (কেরি) বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র রয়েছে। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত দেখতে চায়।”
মধ্যবর্তী নির্বাচন কিংবা সংলাপের বিষয়ে কোনো কথা কেরি বলেননি বলে জানান মাহমুদ আলী।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেছেন।
বৈঠকে মাহমুদ আলী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফাঁসির আসামি যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা রাশেদ চৌধুরীকে ফেরতের অনুরোধ জানান।
কেরি তা শুনেছেন জানিয়ে তিনি বলেন, “আমি আশা করছি, আমরা একটি ইতিবাচক ফল দেখতে পাব।”
