২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দেয়াল চাপায় ২ শিশু নিহত

সিরাজগঞ্জ শহরে ভটভটির ধাক্কায় বাড়ির দেয়াল ধসে দুই শিশু নিহত হয়েছে, আহত হয়েছে একজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 03:49 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, রোববার দুপুরে শহরের সয়াধানগড়া নতুনপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো সয়াধানগড়া নতুনপাড়া মহল্লার চঞ্চল মাহমুদের ছেলে রাহাত (৬) এবং একই এলাকার জনৈক মুন্নার ছেলে শান্ত (৬)।

গুরুতর আহত অবস্থায় রাহাতের বড় ভাই নাইফকে (৯) বগুড়ায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা ওই ভটভটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানান ওসি হাবিবুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুরা নতুনপাড়ার শিহাব উদ্দিনের বাড়ির দেয়ালের পাশে খেলা করছিল। বেলা সাড়ে ১২টার দিকে শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটি ওই দেয়ালে ধাক্কা দিলে সেটি ভেঙে পড়ে।

এতে ওই তিন শিশু দেয়ালের নিচে চাপা পড়ে। তাদের চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে রাহাত মারা যায়। এরপর আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে বিকালে মারা যায় শান্ত।