পেট্রোল বোমায় দগ্ধ বাপ্পিকেও বাঁচানো গেল না
দশ দিন আগে রাজধানীর বনশ্রীতে পেট্রোল বোমায় দগ্ধ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পরিবহন শ্রমিক মো. বাপ্পি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে আইসিইউতে বাপ্পির মৃত্যু হয়।
২৫ বছর বয়সী বাপ্পির বাবার নাম মো. দুলাল। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণার মোহনপুরের সিরামপুরে।
বাপ্পির মা হালিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ছেলে আলিফ পরিবহনের বাসে হেলপার হিসাবে কাজ করতেন।
বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বনশ্রী থেকে মিরপুর যাওয়ার পথে ওই বাসে পেট্রোল বোমা ছোড়া হলে বাপ্পি গুরুতর দগ্ধ হন।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, ঘটনার পরপরই বাপ্পিকে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। তার শরীরের ৭০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।
বাপ্পির স্ত্রীর নাম রীনা বেগম। পিংকী (৪) ও মিম (দেড় বছর) নামে দুটি মেয়ে আছে তাদের।
গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে বিএনপি জোটের অবরোধ-হরতালে প্রায়ই বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা ছোড়ার ঘটনা ঘটছে।
নাশকতা ও সহিংসতায় এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যাদের অর্ধেকের বেশি মারা গেছেন পেট্রোল বোমায় দগ্ধ হয়ে।
