২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় নেমেই গ্রেপ্তার মমতার সঙ্গী শিবাজী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঢাকা সফর শেষে কলকাতা বিমানবন্দরে নেমেই গ্রেপ্তার হয়েছেন শিবাজী পাঁজা নামের এক ব্যবসায়ী, যাকে আর্থিক দুর্নীতির অভিযোগে দিল্লি পুলিশ খুঁজছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 01:17 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

শনিবার রাতে মমতা ও সফরসঙ্গীরা কলকাতায় পৌঁছানোর পর ইমিগ্রেশন পুলিশ শিবাজী পাঁজাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানায় সোপর্দ করে বলে এনডিটিভির খবরে জানানো হয়। 

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত শিবাজী তৃণমূল নেত্রী মমতার অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত।

আর্থিক দুর্নীতির অভিযোগে দিল্লি পুলিশ গত ১৯ ফেব্রুয়ারি তার নামে লুক আউট নোটিস জারি করেছিল। কিন্তু তার আগেই মমতার সঙ্গে ঢাকা চলে আসেন শিবাজী।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ২১ সদস্যের এক একটি প্রতিনিধি দল নিয়ে ১৯ ফেব্রুয়ারি রাতে ঢাকায় পৌঁছান মমতা। সফর শেষে শনিবার রাতে তারা ফিরে যান।  

শিবাজীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে ভারতীয় গণমাধ্যমে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে সারদা গ্রুপের হাজার কোটি রুপি কেলেঙ্কারির ঘটনায় পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের চার প্রভাবশালী নেতাকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে সিবিআই, যাদের মধ্যে মুখ্যমন্ত্রী মমতার ঘনিষ্ট একাধিক মন্ত্রী আছেন।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়ায় শিবাজী পাঁজাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার তাকে ব্যারাকপুর আদালতে হাজির করার কথা।