সীমান্তে একুশ মেলাল দুই বাংলাকে
রাষ্ট্রীয় সীমানার বিভেদ থাকলেও বাংলা ভাষার অধিকার আদায়ের দিনটিতে এক সময়ের এক থাকার সুরই বেজে উঠল বেনাপোল সীমান্তের দুই পারে থাকা বাংলাভাষীদের মনে।
শনিবার বেনাপোলে ভারত-বাংলাদেশ সীমান্তে একুশে ফেব্রুয়ারি পালনে তাই এক হন দুই দেশের বাসিন্দারা। সকাল থেকেই গান, আবৃত্তি, নাচ আর দুই বাংলার কবি-সাহিত্যিক-শিল্পী-রাজনীতিবিদদের পদচারণায় মুখর ছিল বেনাপোল আর পেট্রাপোলের শূন্যরেখা।
অমর একুশের অমর সুরের সঙ্গে দুই দেশের নাগিরকদের পাশাপাশি মঞ্চ থেকে ভেসে আসা ‘একই আকাশ, একই বাতাস/ এক হৃদয়ে একই তো শ্বাস’ গানের সুর সবাইকে নিয়ে যায় ৬৯ বছর আগেকার সেই দিনে।
উপমহাদেশে ব্রিটিশ শাসন অবসানের পর ভারত-পাকিস্তান দুই দেশ সৃষ্টি হলে ভাগ হয়ে যায় বাংলা। পাকিস্তানের অংশে থাকা পূর্ব পাকিস্তান ১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ হয়। পশ্চিমবঙ্গ রয়েছে ভারতের রাজ্য হয়ে।
২০০২ সালে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার ‘ভারত-বাংলাদেশ গঙ্গা-পদ্মা ভাষা ও মৈত্রী সমিতির’ উদ্যোগে সীমান্তবর্তী প্রায় ২০টি সংগঠন শুরু করেন বেনাপোল-পেট্রাপোলের এই মিলন মেলা।
বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৪ বছর পর তার পরিধি কিছুটা বেড়েছে। এবার এপার বাংলার বেনাপোলে পৌরসভা আর ওপার বাংলার বনগাঁ পৌরসভা অনুষ্ঠান আয়োজন করেছে।”
ভারতের পেট্রাপোল বন্দরের রপ্তানি টার্মিনালে তৈরি হয় একটি মঞ্চ আর বেনাপোলের শূন্য রেখা থেকে ২০০ গজ ভিতরে চেকপোস্টের শুল্ক ভবনের পাশেই তৈরি হয় বাংলাদেশের মঞ্চ। ভারতের তৈরি মঞ্চে বাংলাদেশের শিল্পীরা আর বাংলাদেশের তৈরি মঞ্চে ভারতের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
কড়া নিরাপত্তার মধ্যেও কয়েক ঘণ্টার জন্য উধাও হয়ে যায় সীমান্তের কাঁটাতার; দুই বাংলার মানুষ সীমান্তে একে অপরকে জড়িয়ে ধরে মুগ্ধতার চোখে, মেতে উঠে আড্ডায়-স্মৃতিচারণে।
আগে থেকেই নিজ নিজ ভূখণ্ডে অপেক্ষায় ছিলেন আয়োজকরা। ঘড়ির কাঁটায় সকাল ১০টা ৩১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে সীমানা পেরিয়ে বাংলাদেশে পা রাখেন পশ্চিমবাংলার খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধানসভার সদস্য বিশ্বজিত দাস, উত্তর ২৪ পরগনা জেলা সভাধিপতি রহিমা খাতুন, বনগাঁ পৌরসভার চেয়ারপারসন জোসনা আঢ্য।
এপারে থাকা বাংলাদেশের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, যশোরের জেলা প্রশাসক হুমাউন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, খ্যাতনামা কণ্ঠশিল্পী আব্দুল জব্বার ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান।
পরে দুই বাংলার মানুষ নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে শূন্য রেখায় নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
ইসমাত আরা সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাঙালির অর্জনকে দুই বাংলা একসঙ্গে পালন করছি, এটা খুবই গর্বের বিষয়। দুই দেশের মৈত্রীতে এটা অনুপ্রেরণা যোগাবে।”
পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “একুশের গৌরবের উত্তরাধিকারী পৃথিবীর সব বাঙালি। এর ব্যাপ্তি শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়, অনেক বিস্তৃত। ভাষার টানে, বাঙালি জাতির নাড়ির টানে মাতৃভাষা দিবস পালন করতে এখানে এসেছি।”
