২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যুবলীগে আবারও সংঘর্ষ, পুলিশসহ আহত ৪

সিরাজগঞ্জ জেলা যুবলীগের দুপক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের তিন জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 08:07 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

আর সংঘর্ষ থামাতে গিয়ে নিজের শটগানের গুলিতে আহত হয়েছেন পুলিশের এক কনস্টেবল।

শনিবার দুপুরে শহরের দত্তবাড়ি ও জানপুর মহল্লার যুবলীগ নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন- সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল মিঠুন (২৪), দত্তবাড়ির যুবলীগকর্মী শিপন (২০), জানপুরের  জহুরুল (২৫) ও শাওন (২২)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সমর্থক দত্তবাড়ি মহল্লার যুবলীগকর্মী ও জেলা সদস্য ইসলামের সমর্থক জানপুর মহল্লার যুবলীগ নেতাকর্মীর দেশি অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়।

“সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলে ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় অসাবধানতাবশত নিজের শটগানের গুলি পায়ে লেগে কনস্টেবল মিঠুন আহত হয়।”

এসময় ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি হাবিবুল।

এর আগে বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগ অফিসের ভেতরে ও শুক্রবার দুপুরে উভয় গ্রুপের মধ্যে দুদফা সংঘর্ষ হয়।