মিরসরাইয়ে ট্রাকে আগুন
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোহাবোঝাই একটি ট্রাক আগুনে পুড়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া অংশে এ ঘটনা ঘটে।
তবে এটি হরতাল-অবরোধে নাশকতার কোনো ঘটনা কি-না সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ।
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইওয়ের এসআই মো. ফরিদ উদ্দিন বলেন, “কোনো দাহ্য পদার্থের আলামত পাওয়া যায়নি। ঢাকামুখী ট্রাকটির ইঞ্জিনের গোলযোগ থেকে আগুন লেগে থাকতে পারে।”
মিঠাছড়া বাইপাস এলাকায় যেখানে ট্রাকটি দাঁড়িয়ে ছিল সেখানে কিছু দূর পরপর আনসার, পুলিশ ও বিজিবির পাহারা ছিল বলে এসআই ফরিদ উদ্দিন জানান।
তিনি জানান, আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ আগুন নিভিয়ে ট্রাকটি থানায় নিয়ে গেছে।
