অবহেলায় শহীদ সালাম স্মৃতি জাদুঘর
প্রতিষ্ঠার সাত বছরেও পূর্ণাঙ্গ হয়নি ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার।
এখানে শহীদ সালামের একটি ছবি ছাড়া কোনো স্মৃতিচিহ্ন নেই। একজন গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হলেও নিয়মিত গ্রন্থাগারটি খোলা হয় না। লাইব্রেরির জন্য পাওয়া বই আলমারিতে তোলা হয়নি, করা হয়নি বইয়ের কোনো তালিকা। গ্রন্থাগারে স্থানীয় বা জাতীয় কোনো পত্রিকা রাখা হয় না।
স্থানীয়রা দীর্ঘদিন ধরে গ্রন্থাগারের পাশের লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সালামের নামে নামকরণ করার দাবি জানালেও এ ব্যাপারে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
জেলা পরিষদ কার্যালয় জানায়, ফেনী জেলা পরিষদের তত্ত্বাবধানে শহীদ আবদুস সালামের পৈত্রিক বাড়ির কাছে ফেনী শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে দাগনভুঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে (বর্তমান সালাম নগর) এ জাদুঘর ও গ্রন্থাগার নির্মাণ করা হয়।
২০০৮ সালের ২৬ মে স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর প্রায় ৫ হাজার মূল্যবান বই গ্রন্থাগারের জন্য দেওয়া হয়।
২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি শহীদ আবদুস সালামের ছোট ভাইয়ের মেয়ে খাদিজা বেগমকে লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, গ্রন্থাগারটি প্রতিদিন খোলা হয় না। অযত্ন অবেহেলার চিহ্ন যাদুঘরের সর্বত্র। চুরি হয়ে যাচ্ছে ভবনের বৈদ্যুতিক সরঞ্জামাদি।
গ্রন্থাগারের পাশের স্কুলের ছাত্র আরিফুল ইসলাম বলেন, সালাম গ্রন্থাগারটি ২১ ফেব্রুয়ারির দুদিন আগে খোলা হয়। তাছাড়া সরকারি কোনো কর্মকর্তা জাদুঘর পরিদর্শনে এলে খোলা হয়।
লাইব্রেরি খোলা না থাকায় বইপ্রেমীরা পড়ার সুযোগ পায় না বলে তিনি জানান।
ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী নিয়মিত লাইব্রেরিটি না খোলার কথা স্বীকার করেছেন।
তিনি জানান, গ্রন্থাগারটি দেখাশোনার জন্য কেয়ারটেকার ও গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হলেও গ্রন্থাগারিক হিসেবে ডিগ্রিপ্রাপ্ত না হওয়ায় সমস্যা হচ্ছে। গ্রন্থাগারিক পরিবর্তন করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এছাড়া সম্প্রতি জেলা পরিষদের মাসিক সভায় গ্রন্থাগার সংস্কার করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। মাতৃভাষা দিবসের পর কাজ শুরু হবে বলে তিনি জানান।
গ্রন্থাগারের পাশের লক্ষ্মণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান বেগম বলেন, ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগারের পাশে লক্ষ্মণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সালামের নামে নামকরণের জন্য শিক্ষা অফিসে ৬ বছর ধরে একাধিক চিঠি পাঠানো হলেও নাম পরিবর্তনের কোনো প্রতিকার পাওয়া যায়নি।
শহীদ সালামের সংক্ষিপ্ত জীবনী
ফেনীর দাগনভুঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে (বর্তমান সালাম নগর) ১৯২৫ সালে ২৭ নভেম্বর জন্মগ্রহণ করেন সালাম। চার ভাই তিন বোনের মধ্যে সালাম ছিলেন সবার বড়।
সালাম শহীদ হওয়ার আগে ২০ বছর বয়সে ছোট বোন তরিকুন নেছা মারা যান। এরপর একে একে ১৯৭৬ এ বাবা ফাজিল মিয়া (৮৫), ১৯৮২ সালে মা দৌলতের নেছা (৮৫) ও ছোট ভাই সাহাব উদ্দিন (৫৫), ১৯৯৯ সালে ছোট বোন কুরফুলের নেছা (৭৫), ২০০২ সালে ভাই আবদুস ছোবহান ও ২০০৭ সালে বোন বলকিয়তের নেছা মারা যান।
শহীদ আব্দুস সালাম মাতুভূঞা করমুল্যা উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণি পাশ করে দাগনভূঞা কামাল আতাতুর্ক হাইস্কুলে ৯ম শ্রেণিতে ভর্তি হন। ৯ম শ্রেণিতে পড়াকালীন ঢাকার দিলকুশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে ঢোকেন।
বায়ান্নর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সালাম কয়েকদিনের ছুটি কাটিয়ে বাড়ি থেকে ঢাকায় চাকরিস্থলে ফিরে যান।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে বর্তমানের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পুলিশ গুলি চালায়।
সে মিছিলে সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউরসহ নাম না জানা আরও অনেকে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দেড় মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে ৭ এপ্রিল তিনি মারা যান।
ঢাকার আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয়।
