নরসিংদীতে বোমায় দগ্ধ ট্রাকচালকের মৃত্যু
নরসিংদীর পলাশে অবরোধের পেট্রোলবোমায় দগ্ধ হওয়ার আট দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ট্রাকচালক জাহিদ আহমেদ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে জাহিদের মৃত্যু হয়।
তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল, শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিএনপি জোটের অবরোধের মধ্যে গত ১২ ফেব্রুয়ারি রাতে ঘোড়াশাল থেকে ট্রাক নিয়ে নরসিংদী যাওয়ার পথে টঙ্গী-পাঁচদোনা বাইপাসে হামলার শিকার হন জাহিদ। অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় ট্রাকে আগুন ধরে গেলে জাহিদসহ ট্রাকে থাকা তিনজন গুরুতর দগ্ধ হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নিলে সেখান থেকে রাতেই তাদের ঢাকায় পাঠানো হয়।
নিহত জাহিদের বাড়ি চাঁদপুরের আলিমপাড়ায় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের টানা অবরোধে প্রায় প্রতিদিনই নাশকতার ঘটনা ঘটছে। এ পর্যন্ত পেট্রোল বোমা ও ককটেল হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৭ জন।
