বাঘ-হরিণের চামড়াসহ ইউপি সদস্য আটক
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা থেকে বাঘ ও হরিণের চামড়া এবং জাল টাকাসহ দুই জনকে আটক করেছে র্যাব, যাদের মধ্যে একজন ইউনিয়ন পরিষদের সদস্য।
শুক্রবার ভোরের দিকে ইকরি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র্যাব ৮-এর সহকারী পরিচালক এএসপি জসিম উদ্দিন জানিয়েছেন।
আটকরা হলেন- তেলিখালী ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল হোসেন ও অটোরিকশা চালক মো. মামুন।
ইউপি সদস্য বাবুলের বিরুদ্ধে ভাণ্ডরিয়া থানার একটি হত্যা মামলা রয়েছে বলে এএসপি জসিম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইউপি সদস্য বাবুল বাঘ ও হরিণের চামড়া পাচারের সঙ্গে সরাসরি জড়িত বলে র্যাবের কাছে তথ্য ছিল। এ কারণে ভাণ্ডারিয়া এলাকায় নজরদারি জোরদার করা হয়।
“বাবুলকে আটকের জন্য ক্রেতা সেজে ফাঁদ পাতা হয়। ভোরের দিকে অটোরিকশায় করে র্যাবের কাছে বাঘ ও হরিণের চামড়া বিক্রি করতে আসেন বাবুল। এ সময় বাবুল ও অটো চালক মামুনকে হাতেনাতে আটক করা হয়।”
ওই অটো থেকে একটি বাঘের চামড়া, ১৪টি হরিণের চামড়া ও দুই লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এএসপি জসিম জানান, আটকের পর পালানোর চেষ্টা করলে রাস্তায় পড়ে গিয়ে আহত হন বাবুল। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
