২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

ময়মনসিংহ শহরের কেওয়াটখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক সেনা সদস্যসহ দুই জন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 01:51 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে ময়মনসিংহ স্টেশনের কাছে ঢাকা থেকে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওড় ট্রেনের ছাদ থেকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে বলে ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই মোসলেহ উদ্দিন জানান। 

নিহত যুবক ও আহত একজনের পরিচয় জানা যায়নি।

আহত আরেকজনের নাম শাহীন। যশোর সেনানিবাসে কর্মরত এই সেনা সদস্য ছুটিতে নেত্রকোনার বারহাট্টা উপজেলার রৌহা গ্রামে নিজের বাড়ি যাচ্ছিলেন।

গুরুতর অহত শাহীনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়মনসিংহ সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে এসআই মোসলেহ উদ্দিন জানিয়েছেন।   

আহত অন্যজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই মোসলেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তঃনগর ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে ঢোকার সময় ছাদে থাকা ওই তিন জন কেওয়াটখালী রেলওয়ে ওভার ব্রিজে ধাক্কা খায়। এতে তিনজন পড়ে গেলে একজন ঘটনাস্থলেই মারা যান।

ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিএনপি জোটের লাগাতার অবরোধে সড়ক পথে নাশকতার আশঙ্কায় রেলপথে চলাচলই নিরাপদ মনে করছেন অনেকে।

পুরো কর্মদিবস হরতাল থাকছে, তাই সাপ্তাহিক ছুটির দুই দিন শুক্র ও শনিবার রেলে যাত্রীদের চাপও থাকছে বেশি। রেলের টিকেট না পেয়ে ট্রেনের ছাদে ও দরজার হাতল ধরে গন্তব্যে ছুটছেন অনেকে। এক্ষেত্রে দুর্ঘটনার তোয়াক্কাও করছেন না তারা।