বগুড়ায় বালু ব্যবসায়ী খুন
বগুড়া সদর উপজেলায় এক বালু ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে ভাটকান্দি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান।
নিহত মো. শাহীন প্রামানিক (৩৮) ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।
শাহীনের ভাগ্নে জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন তার মামা। পথে একা পেয়ে বাড়ির পাশেই তাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বালু ব্যবসা নিয়ে স্থানীয় দুই যুবকের সঙ্গে তার মামার বিরোধ চলছিল বলে জানান তিনি।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে এসআই সাইফুল জানিয়েছেন।
ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
