২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ৭ শিক্ষককে অব্যাহতি

চাঁদপুরের কচুয়া উপজেলায় এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযেগে সাত শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।  

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 01:12 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

শুক্রবার সকালের দিকে আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে দুই জন ও রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাঁচ জনের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে পরীক্ষায় ভিজিলেন্স টিমের দায়িত্বে থাকা রহিম বাদশা জানান।  

এই সাত শিক্ষক হলেন- নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রবিউল হোসেন, বুরগী উচ্চ বিদ্যালয়ের মো. বিল্লাল হোসেন, আশ্রাফপুর আহমাদিয়া উচ্চ বিদ্যালয়ের মো. ইমাম হোসেন, চাপাতলী লতিফিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মো. জালাল হোসেন এবং জগতপুর উচ্চ বিদ্যালয়ের ভূঁইয়া মোয়াজ্জেম হোসেন, নাজমুল নাহার ভূঁইয়া ও ফারুক হোসেন পাটওয়ারী।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসএসসির গণিত পরীক্ষা চলাকালে ওই শিক্ষকদের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়। বিষয়টি দুটি কেন্দ্রের সচিবদের জানানো হলে তাৎক্ষণিকভাবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।”

অভিযোগ পাওয়ার পরপরই ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আব্দুল মোতালেব জানান।

বিএনপি জোটের অবরোধ-হরতালের কারণে এবার কেবল সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে।