বেনাপোল দিয়ে ফিরল ‘শান্তির অগ্নিমশাল’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে সৌহার্দ্যের বন্ধন আরো দৃঢ় করতে বাংলাদেশে আনা ‘শান্তির অগ্নিমশাল’ আবার ভারতে ফিরে গেছে।
কলকাতার বঙ্গ সাহিত্য সমিতির পক্ষে শান্তির অগ্নিমশালটি ১৭ ফেব্রুয়ারি ভারত থেকে বাংলাদেশে আনেন সংগঠনটির সাধারণ সম্পাদক দীপন দাস ও সাবেক সভাপতি অসীম বর্মা।
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, ফরিদপুর রাজেন্দ্র কলেজসহ বিভিন্ন স্থানে মশাল প্রদর্শন শেষে বৃহস্পতিবার রাতে তারা বেনাপোল চেকপোস্টে পৌঁছান।
বঙ্গ সাহিত্য সমিতির প্রতিনিধি, বিজিবি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা রাতেই মশালটি বিএসএফের হাতে হস্তান্তর করেন বলে বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্সের নেতা মতিয়ার রহমান জানান।
দীপন দাস, অসীম বর্মা, মতিয়ার রহমান ছাড়াও বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
দীপন দাস জানান, মশালটি বারাসাত ইউনিভার্সিটি, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের কার্যালয় ও কলকাতা দেশ পার্ক স্ট্রিটে নেওয়ার পর এই ‘শান্তিযাত্রা’ শেষ হবে।
