মতিঝিলে বাসে ধাক্কায় যুবক নিহত
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে রাস্তা পার হওয়ার সময় ৮ নম্বর বাসের ধাক্কায় আহত হন মো. সালাউদ্দিন নাগর (২৮)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে ঢামেক ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালাউদ্দিন এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার বাড়ি ভোলা সদরে।
সালাউদ্দিন ঢাকায় মুগদা খালপাড় এলাকায় স্ত্রী হাসনা হেনা ও দুই মেয়েকে নিয়ে থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
