চট্টগ্রামে নাশকতাবিরোধী সমাবেশে মারামারি
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে নাশকতাবিরোধী সমাবেশে মারামারিতে জড়িয়েছে দলের দুই পক্ষের কর্মীরা।
বৃহস্পতিবার বিকালে নগরীর খুলশী থানার আমবাগান শহীদ শাহজাহান মাঠে এই ঘটনার আগে একটি ককটেল বিস্ফোরণের পর এক যুবককে ধরে পিটুনি দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এরপর বিকাল ৫টার দিকে সমাবেশস্থলে আসেন পার্শ্ববর্তী লালখান বাজার এলাকার যুবলীগ নেতা দিদারুল আলম মাসুম। তখন তার অনুসারীদের সঙ্গে খুলশী এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সমর্থকদের হাতাহাতি ও মারামারি বাঁধে।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগর আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলশী থানা আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করে।
দুই পক্ষের সমর্থকদের হাতাহাতির পর মঞ্চে থাকা দলের নগর শাখার সম্পাদক আ জ ম নাছিরসহ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
খুলশী থানার ওসি মাঈনুল ইসলাম ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহজাহান মাঠের সমাবেশে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
