ঢাকায় যুবদল নেতার বাড়িতে বোমায় নিহত ১
বিএনপি জোটের হরতাল-অবরোধে বোমাবাজির মধ্যে ঢাকার হাজারীবাগে যুবদলের এক নেতার বাড়িতে বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন।
হাজারীবাগের ভগলপুরে বিএনপির সহযোগী সংগঠনটির স্থানীয় ওই নেতার বাড়িতে বোমা তৈরি হচ্ছিল বলে পুলিশের দাবি।
নিহত যুবকের নাম জসিম। তার বয়স আনুমানিক ২২ বছর। যার বাসায় বিস্ফোরণ ঘটেছে, সেই মো. রাজু (২৫) যুবদলের ২২ নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
হাজারীবাগ থানার এসআই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ১৩৬, ভগলপুরের বাসার দোতালায় বিস্ফোরণ ঘটে।
খবর পেয়ে পুলিশ দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
বাসাটি যুবদল নেতা রাজুর বলে হাজারীবাগ থানার অপারেশন অফিসার সুখেন্দ্র চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “দোতালা ওই বাড়িতে বাবা, মা, বোন, ভাই, চাচা, চাচীসহ রাজু থাকেন। রাজুর কক্ষেই বিস্ফোরণ ঘটে।”
বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ভেঙে পড়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মিজান বলেন, “মনে হচ্ছে, বোমা বানাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।”
এসআই সুখেন্দ্র বলেন, “রাজু জানিয়েছে, বোমা বানাতে জসিমসহ কয়েকজনকে কামরাঙ্গীরচর থেকে আনা হয়েছিল।”
তবে বিস্ফোরণের পর অন্য সবাই পালিয়ে যায়। রাজুর মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।
রাজুর পরিবার অবাঙালি বলে পুলিশ কর্মকর্তা সুখেন্দ্র জানান। তিনি বলেন, ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত হাতবোমাও উদ্ধার করা হয়েছে।
ওই বাড়ির দোতালার একটি কক্ষে রাজু থাকতেন। অন্য একটি কক্ষে তার দুই ভাই জিসান ও জাহেদ থাকেন।
দোতালার একটি অংশ তারা ভাড়া দিয়েছেন। নিচতলার একটি কক্ষে রাজুর বাবা-মা থাকেন, আরও কয়েকটি কক্ষে পরিবার নিয়ে থাকেন রাজুর চাচা জামাল।
জামালের স্ত্রী জেবা বেগম বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানিয়েছেন, ঘটনার সময় তার মেয়েকে নিয়ে ভাত খাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে বাসা থেকে বেরিয়ে পড়েন।
দোতলার ভাড়াটিয়া শাহজাহানের স্ত্রী নাসরিন বেগম বলেন, ঘটনার সময় তারা বাসায় ছিলেন না। পরে এসে দেখেন তার ঘরের দরজা ভাঙা এবং বাসার মূল্যবান জিনিসপত্র লুটপাট হয়ে গেছে।
ঘটনার সময় রাজুর বাড়ির কাছাকাছি থাকা মোক্তার হোসেন নামে স্থানীয় একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিস্ফোরণের পরপরই বাসার নিচে একজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
“সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাকে ধরে ফেলে স্থানীয় লোকজন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ এলে হঠাৎ করেই দুটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় দেখা যায়, দোতলার একটি অংশ দিয়ে কয়েকজন পালিয়ে যাচ্ছে। তবে স্থানীয় পুলিশ বা লোকজন চেষ্টা করেও তাদের ধরতে পারেনি।”
মোক্তারের দাবি, রক্তাক্ত রাজুকে তারাই ধরে পুলিশের হাতে তুলে দেন।
দোয়েল চত্বরে হাতবোমা বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়েল চত্বরে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি হাতবোমা বিস্ফোরণে এক রিক্শাচালক আহত হয়েছেন।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই বিস্ফোরণের পরপরই রিকশাচালক শহীদুল ইসলামকে (২৭) হাসপাতালে আনা হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদুলের দুই পায়ে স্প্লিন্টারের জখম রয়েছে।
ঘটনাস্থলের কাছেই বাংলা একাডেমিকে একুশের বইমেলা চলছে।
