ফেনী চেম্বার সভাপতি কাজমী মারা গেছেন
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবদুর রকিব কাজমী মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা শহরের হাজারী সড়কের নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
তার বয়স হয়েছিল ৫৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রথম ও গ্রামের বাড়ি শর্শদী ইউনিয়নের ডিপটি বাড়ির সামনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আবদুর রকিব ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ডিপটি বাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কুদ্দসের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর ও ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আবদুর রকিব কাজমী ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, লায়ন্স ক্লাব ফেনী মুহুরীর সাবেক প্রেসিডেন্ট, ফেনী ডায়াবেটিক সমিতি ও রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ছিলেন।
