২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মিনিবাসে পেট্রোল বোমা হামলায় ১০ শিবিরকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় মধ্যরাতে মিনিবাসে পেট্রোল বোমা হামলায় জড়িত থাকার সন্দেহে ইসলামী ছাত্র শিবিরের ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 05:27 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিম জানান, আগের রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর পাথরঘাটার নজু মিয়া লেন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

"গ্রেপ্তার সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত। এদের মধ্যে কয়েকজন বিভিন্ন নাশকতার ঘটনায় আগেও গ্রেপ্তার হয়েছিল।"

তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার কারও নাম পরিচয় জানাননি পুলিশ কর্মকর্তা সেলিম।

বুধবার রাত ১২টার দিকে নগরীর টাইগারপাস রোডের পলোগ্রাউন্ড মাঠের কাছে ওই মিনিবাসে পেট্রোল বোমা ছোড়া হয়। এতে তিনজন অগ্নিদগ্ধসহ আহত আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দগ্ধদের মধ্যে সুভাষ সোম নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার চিকিৎসক স্বরূপ চক্রবর্ত্তী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সুভাষের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্থ হয়েছে।

"রাতে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।"

এদিকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অবরোধ ও হরতালে নাশকতা রোধে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সীতাকুণ্ড ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ জন জামায়াত ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের এবং দুইজন বিএনপি কর্মী।