ঝিনাইদহে বিএনপি কার্যালয়ে আগুন
ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কাঞ্জিলাল জানান, দুপুর ১২টার দিকে একদল দুর্বৃত্ত জেলা বিএনপি কার্যালয়ের তালা ভেঙে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার ব্রিগেড আসার আগেই আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে।
আগুনে কার্যালয়টির চেয়ার, টেবিল, ফ্যানসহ আসবাবপত্র পুড়ে গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
