২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরান বাদ, মমতার সঙ্গী নচিকেতা-প্রসেনজিৎ

ঢাকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গীদের মধ্যে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিতর্কিত রাজ্যসভা সদস্য আহমেদ হাসান ইমরানকে রাখা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 01:42 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা আসছেন মমতা।

তার ৪০ জনের বেশি সফরসঙ্গীর মধ্যে শুধু দলের শীর্ষস্থানীয় নেতারাই নন নির্মাতা গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর মতো পশ্চিমবঙ্গের শীর্ষ পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছেন।

তবে জামায়াতে ইসলামী ও অন্যান্য ধর্মীয় উগ্রবাদীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ ওঠা আহমেদ হাসান ইমরানকে শেষ পর্যন্ত মমতার সফরসঙ্গীদের তালিকায় রাখা হয়নি।

ছিটমহল বিনিময় ও তিস্তার পানি বণ্টন চুক্তির মতো ভারত-বাংলাদেশের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তিতে মমতার এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠতে পারে বলে মনে করছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সফরসঙ্গীদের মধ্যে ইমরানকে না রাখতে মুখ্যমন্ত্রীকে জোরালো ইঙ্গিত দিয়েছিলেন বলে তাদের কয়েকজন জানিয়েছেন।

“জামায়াতের সঙ্গে তার সম্পর্কের অভিযোগ নিয়ে ঢাকার বর্তমান সরকার বিরক্ত থাকায় তিনি (ইমরান) থাকলে শুধু শুধু ঝামেলা তৈরি হতে পারত,” বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

ভাষা শহীদদের স্মরণে ‘অমর একুশের’ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা।

২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও মমতার আপত্তিতে শেষ মুহূর্তে তা আটকে যায়।

দুই দেশের মধ্যকার স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতীয় পার্লামেন্টে এ সংক্রান্ত বিল পাশেও বাগড়া দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তবে সীমান্ত চুক্তি ও এ সংক্রান্ত প্রটোকল বাস্তবায়ন এবং এর আওতায় দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময়ের ব্যাপারে বর্তমানে মমতার অবস্থান অনেকটা নমনীয়। তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের ব্যাপারে তিনি রাজি কি না তা এখনো স্পষ্ট নয়।   

তবে সম্প্রতি কলকাতা সফরকালে ভারতীয় নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।

তিস্তা চুক্তি নিয়ে জটিলতার প্রেক্ষাপটে ২০১১ সালে কল্যাণ রুদ্রকে এ বিষয়ে সমাধান খোঁজার দায়িত্ব দিয়েছিলেন মমতা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এ সফরেই তিস্তার পানি বণ্টনের সুরাহা হওয়া অসম্ভব নয় বলেও ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।