শাবি ছাত্রলীগ সভাপতির ওপর হামলার অভিযোগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
পার্থ এ হামলার জন্য তার সংগঠনেরই সহসভাপতি অঞ্জন রায় ও উত্তম কুমার দাসকে দায়ী করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পার্থ বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর ভূমি অফিসের পাশে একদল যুবক তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তিনি দৌঁড়ে কাছেই এক আত্মীয়ের বাসায় ঢুকে আত্মরক্ষা করেন। সেখানেও সন্ত্রাসীরা তার ওপর হামলা চালানোর চেষ্টা করে।
অঞ্জন ও উত্তমের নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ করেন পার্থ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অঞ্জন রায় বলেন, “উত্তম পঙ্গু। আর আমিও অসুস্থ। তাই আমাদের নেতৃত্বে হামলার বিষয়টি হাস্যকর। কেউ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য হামলার নাটক সাজিয়েছে বলে আমি মনে করি।”
হামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওদের একটা গ্রুপ পার্থ’র ওপর হামলা করেছে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু হামলাকারীরা আগেই পালিয়ে যায়।”
ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে গত বছর ২০ নভেম্বর পার্থ ও অঞ্জন সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হলে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এরপর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সাময়িক বন্ধ ঘোষণা করে ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
