২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ময়মনসিংহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 09:55 AM

Updated : 22 Aug 2022, 11:45 AM

নিহত রফিকুল ইসলাম ওরফে খোকন (৪০) এলাকায় সন্ত্রাসী তৎপরতায় জড়িত বলে পুলিশ জানিয়েছে।

ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগীবাজার এলাকায় বুধবার রাত ২টার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে ঈশ্বরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান জানিয়েছেন।

তিনি বলেন, “তালিকাভুক্ত সন্ত্রাসী খোকনকে ধরতে রাতে সোহাগীবাজারে অভিযানে গেলে খোকন ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ খোকনকে পড়ে থাকতে দেখা যায়।”

তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আখতার।

‘গোলাগুলিতে’ তিনি নিজেসহ চার পুলিশ সামান্য আহত হয়েছেন বলে জানান ওসি।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও চারটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

বিএনপি-জামায়াত জোটের টানা দেড় মাসের অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণে অর্ধ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

নাশকতায় জড়িতদের ধরতে পুলিশ ও র‌্যাবের অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনাও ঘটছে।