২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার রায় ফাঁস: পেছাল অভিযোগ গঠনের শুনানি

যুদ্ধাপরাধের অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মামলার রায়ের খসড়া ফাঁসের মামলায় তার আইনজীবীসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 11:43 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

বুধবার মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

অবশ্য অবরোধ-হরতালজনিত কারণে কারাগার থাকা আসামি ব্যারিস্টার ফখরুল ইসলামকে আদালতে না আনায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে যায়।

পরে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক এসএম শামসুল আলম শুনানির জন্য ২৪ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন।

এই ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরী এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

তবে তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের জুনিয়র আইনজীবী মেহেদী হাসান মামলার শুরু থেকেই পলাতক।

অপর তিন আসামি হলেন, সাকার ম্যানেজার একেএম মাহবুবুল হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন ও পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী কারাগারে আটক রয়েছেন।

গত বছরের ২৮ আগস্ট ডিবির পরিদর্শক মো. শাহজাহান ব্যারিস্টার ফখরুল ইসলামসহ সাত জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

তবে রায়ের আগেই সাকা চৌধুরীর স্ত্রী ও তার পরিবারের সদস্য এবং আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা ‘রায়ের খসড়া কপি’ সংবাদকর্মীদেরও দেখান।

রায় ঘোষণার পরদিন ট্রাইব্যুনালের নিবন্ধক (রেজিস্ট্রার) একেএম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ২ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি জিডি করেন।

পরে ৪ অক্টোবর ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় আরেকটি মামলা করেন।