সোবহানের ফাঁসির রায়ে সন্তোষ ১৪ দলের
জামায়াতের নায়েবে আমির আবদুস সোবহানের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ঢাকার সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ১৪ দলের মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
এসময় জামায়াতের নায়েবে আমির আবদুস সোবহানের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে নাসিম বলেন, এই রায়ে জনমনে স্বস্তি এসেছে, একই সঙ্গে ১৪ দল স্বস্তি প্রকাশ করছে।
জতিসংঘের মহাসচিব বান কি-মুনের চিঠির বিষয়ে নিজেদের অবস্থান জানতে চাওয়া হলে তিনি বলেন, “অনেকে অনেকভাবে আশা প্রকাশ করতে পারেন। আমরা আমাদের সিদ্ধান্তে অটল। যারা দানবের মত মানুষের উপর হামলা করে তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না। সংলাপের প্রশ্নই আসে না।”
সভায় ২০ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে শান্তি মিছিল ও ২৪ ফেব্রুয়ারি রাজশাহীতে সামাবেশ করার ঘোষণা দেয় ১৪ দল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংসদ ফজলে নূর তাপস, ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ।
১৪ দলের নেতাদের মধ্যে ছিলেন দিলীপ বড়ুয়া, জাকির হোসেন, ডা. শাহাদাত হোসেন, ওয়াজেদুল ইসলাম খান, ইসমাঈল হোসেন, রেজাউর রশিদ, আবু সাঈদ প্রমুখ।
