২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রায়ত্ত ৩ তেল ডিপোতে নিরাপত্তা জোরদার

বিএনপি জোটের হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত তিনটি তেল ডিপোসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 09:39 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

যুদ্ধাপরাধের অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতা আব্দুস সুবহানের মামলার রায়ের দিন মঙ্গলবার ঘোষণার পর সন্ধ্যা থেকে পদ্মা, মেঘনা, যমুনা এবং ইস্টার্ণ রিফাইনারির নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য দেখা যায়।

নাশকতা হতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিপোগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার একেএম শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তিনটি তেল ডিপোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

“ডিপোগুলো থেকেও নিরাপত্তা জোরদার করার জন্য আমাদের অনুরোধ করা হয়েছে।”

এছাড়া বিমানবন্দর সড়কে এসব তেল ডিপোর আশে পাশে পুলিশের নিরাপত্তা চৌকি বসানোর পাশাপাশি যান চলাচলও নিয়ন্ত্রণ করছে পুলিশ।

বিমানবন্দর সড়কে পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপো ছাড়াও দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডও অবস্থিত।   

এদিকে গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউসে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে বৈঠকে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নাশকতা প্রতিরোধে সিসি ক্যামেরা বসানোর জন্য প্রধানমন্ত্রী দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন।  

গত ৩ ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলা থেকে পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ইসলামী শিবিরকর্মীদের কাছ থেকে বিভিন্ন ধরনের নাশকতার তথ্য পায় পুলিশ।

তাদের কাছ থেকে এসব গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনার তথ্যও উদঘাটন করা হয়েছিল বলে পুলিশ দাবি করেছিল।

বাংলাদেশের বাইরে থেকে আসা তেলগুলো রাষ্ট্রায়ত্ত তিনটি তেল ডিপোতে সংরক্ষণ ও ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।