সিসিসির একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত ১৬ জন
চলতি বছর একুশে সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কারের জন্য মোট ১৬ জনকে মনোনীত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
বুধবার বিকালে সিসিসির ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
২১ ফেব্রুয়ারি বিকালে নগরীর মুসলিম ইনস্টিটিউট এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হবে।
এবার একুশে সম্মাননার জন্য আট বিভাগে মনোনীত হয়েছেন ১১ জন। আর সাহিত্য পুরস্কারের জন্য পাঁচটি বিভাগে পাঁচজন।
একুশে সম্মাননার জন্য মনোনীতরা হলেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু এবং বিএনপি নেতা প্রয়াত এল কে সিদ্দিকী।
সাংবাদিকতায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ, ক্রীড়াক্ষেত্রে আবদুল জব্বার সওদাগর (মরণোত্তর), শিল্প ও বাণিজ্যে কে ডি এস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান এবং সমাজসেবায় জানে আলম দোভাষ (মরণোত্তর), শাহজাদা ফউজুল আলী খান (মরণোত্তর) ও বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী মনোনীত হয়েছেন।
শিক্ষায় অবদানের জন্য বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান, আইন পেশায় অবদানের আইনজীবী মোহাম্মদ কবির চৌধুরী ও সংস্কৃতিতে অবদানের জন্য মলয় ঘোষ দস্তিদার মনোনীত হয়েছেন।
এছাড়া সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য পাঁচটি বিভাগে পাঁচ জনকে মনোনীত করেছে সিসিসি।
তারা হলেন কবিতায় ময়ুখ চৌধুরী, প্রবন্ধ ও গবেষণায় ড. মনিরুজ্জামান, কথা সাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী, বিশ্বসাহিত্যে সিদ্দিক আহমেদ ও শিশু সাহিত্যে ইকবাল বাবুল।
