কালিয়াকৈরে কারখানার আগুন নিয়ন্ত্রণে
প্রায় সোয়া তিনঘণ্টা পর গাজীপুরে কালিয়াকৈরে যমুনা ইলেক্ট্রনিক্স কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এ ঘটনায় অন্তত চার শ্রমিক আহত হয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি কালিয়াকৈর ফায়ার সার্র্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানার টেলিভিশন সেকশনের ল্যাবে লাগা আগুন ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে।
কারখানার জিএম মো. ফোরকান আলম জানান, সন্ধ্যা ৬টার দিকে কারখানার টেলিভিশন সেকশনের ল্যাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং টিভি সেকশনে ছড়িয়ে পড়ে।
প্রায় এক বছর আগে কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় এ কারখানাটি উদ্বোধনের পর উৎপাদনে যায় বলে জানান তিনি।
