ফরিদপুরের নৌ-বন্দরে নেই কর্মচাঞ্চল্য
বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধে সহিংসতার মধ্যে অচল হয়ে পড়েছে বৃহত্তর ফরিদপুরের একমাত্র নৌ-বন্দর সিএন্ডবি ঘাট।
সময়মতো পণ্য আমদানি-রপ্তানি না হওয়ায় ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। কর্মহীন হয়ে পড়ে বন্দরের কয়েকহাজার শ্রমিক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃহত্তর ফরিদপুরের শত বছরের পুরনো এ বন্দর প্রায় দুই মাস যাবত অচল হয়ে আছে। হরতাল-আবরোধে ঘাটে ভিড়ছে না কোনো বড় জাহাজ, কার্গো কিংবা ট্রলার।
দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে আছে বিপুল পরিমাণ কয়লা, পাথর, বালুসহ বিভিন্ন পণ্য। এতে কয়েক কোটি টাকার লোকসান গুণতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
কাজ না থাকায় কয়েক হাজার কুলি, বন্দর শ্রমিক ও নৌযান শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
ঝিনাইদহ থেকে আসা ট্রাক চালক নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফরিদপুরে মাল নিতে এসেছেন কয়েক দিন হলো, কিন্তু আবারও হরতাল দেওয়ায় তাকে আগামী শুক্রবার পর্যন্ত ট্রাক নিয়ে ঘাটেই বসে থাকতে হচ্ছে।
যে টাকার ভাড়ায় এখানে এসেছেন সেটার সিংহভাগই থাকা-খাওয়ার খরচে শেষ হয়ে যাচ্ছে বলে জানান তিনি।
ফরিদপুর সিএন্ডবি ঘাট শ্রমিক শহীদ খাঁ জানান, হরতাল-অবরোধের কারণে কোনো গাড়ি ঘাটে আসতে পারছে না। তাই কাজ ছাড়াই বসে থাকতে হচ্ছে তাদের।
তিনি বলেন “আমরা দিনমজুর, দিন আনি দিন খাই। কীভাবে পরিবার নিয়ে চলব?”
ঘাটের কুলি সরদার আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপির এই রাজনৈতিক কর্মসূচির কারণে ঘাটে দিনে দুয়েকটা ছোট জাহাজ আসে।
তিনি বলেন, এখানে তিন থেকে সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করে। কিন্তু ঠিকমতো ট্রাক আর নৌযান না আসায় সবাই প্রায় বেকার হয়ে পড়েছে।
সিএন্ডবি ঘাটের ব্যবসায়ী মানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবরোধ-হরতালে শুধু শ্রমিকরাই বেকার হচ্ছে না, আমরাও ব্যবসা করতে পারছি না, আমরাও বেকার হয়ে পড়েছি।”
কয়লা ব্যবসায়ী আশরাফ মন্ডল বলেন, “পঞ্চগড় থেকে কয়লা এনে ঘাটে রেখেছি, কিন্তু লাগাতার অবরোধের কারণে তা বিক্রয় করতে পারছি না। প্রতিদিন লোকসানের মুখে পড়তে হচ্ছে।”
ফরিদপুর সিএন্ডবি ঘাটের (নৌ-বন্দর) ইজারাদার আব্দুল জলিল বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, হরতাল আর অবরোধ কর্মসূচির কারণে ঘাটে নৌযান ও ট্রাকের চলাচল কমে গেছে।
তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় কিছু ট্রাক পুলিশের সহযোগিতায় মালামাল আমদানি-রপ্তানি করে। এতে ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হয়ে পড়ছে।
