সুবহানের রায় ১৬৫ পৃষ্ঠার
জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সুবহানের যুদ্ধাপরাধ মামলায় ১৬৫ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্তসার ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ রয়েছে এই জামায়াত নেতার বিরুদ্ধে।
রায় ঘোষণার জন্য বুধবার সকালে সুবহানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এরপর তাকে রাখা হয় ট্রাইব্যুনালের হাজতখানায়।
তাকে আদালত কক্ষে নিয়ে আসা হয় সকাল ১১টার কিছুক্ষণ আগে। সাদা পায়জামা পাঞ্জাবি ও খাঁকি রঙের হাফ স্যুয়েটার পরিহিত এই জামায়াত নেতাকে কাঠগড়ায় রাখা চেয়ারে চুপচাপ বসে থাকতে দেখা যায়।
ট্রাইব্যুনাল-২ এর তিন সদস্য বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলাম এজলাসে আসেন বেলা ১১ টা ২ মিনিটে।
এরপর ১৬৫ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্তসার পড়া শুরু করেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান।
পাকিস্তান আমলে সুবহান ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর পর তিনি পাবনা জেলা শান্তি কমিটির সেক্রেটারি এবং পরে ভাইস-প্রেসিডেন্ট হন।
তার নেতৃত্বে পাবনা জেলার বিভিন্ন থানায় শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস ও মুজাহিদ বাহিনী গঠিত হয় বলে প্রসিকিউশনের অভিযোগ।
অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সুবহানের বিচার শুরু করে ট্রাইব্যুনাল। যুক্তিতর্কের শুনানি শেষে গতবছর ৪ ডিসেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।
