২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ বলছে বন্দুকযুদ্ধ, আহতের দাবি ধরে নিয়ে গুলি

লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্থানীয় এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন, যাকে গোয়েন্দা পুলিশ আটক করেছিল।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 11:14 AM

Updated : 22 Aug 2022, 11:44 AM

তবে আহতের দাবি, পুলিশ তাকে আটকের পর পায়ে গুলি করে হাসপাতালে পাঠিয়েছে। 

জেলা সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া বলছেন, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আহত নজরুল ইসলাম জসিমের (২৮) ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাকে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, পালেরহাট এলাকার বাসিন্দা জসিম সদর উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদলের সভাপতি।

পুলিশ বলছে, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে জসিমের বিরুদ্ধে।

এএসপি (সার্কেল) নাসিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে গোয়েন্দা পুলিশ জসিমকে আটক করে থানা নিয়ে যাচ্ছিল। পথে তার সহযোগীরা পুলিশের ওপর আক্রমণ চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এরমধ্যে পালিয়ে যাওয়ার সময় জসিমের পায়ে গুলি লাগে।”

হামলায় গোয়েন্দা পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

আহত কনস্টেবল মো. নাজমুল হাসান, বাহার উদ্দিন ও মাইন উদ্দিনকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন জসিমের দাবি, তিনি যুবদলের রাজনীতি করলেও পেশায় একজন ব্যবসায়ী।

তিনি দাবি করেন, রাত ১২টার দিকে পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে। পরে পুলিশের গাড়িতে নিয়ে ঘুরিয়ে হামছাদীর পালের হাট ঈদগাঁহের সামনে এলে তার পায়ে গুলি করা হয়। রাত পৌনে ৩টার দিকে তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়।