মনিরামপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
যশোরের মনিরামপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যাদেরকে নিজেদের কর্মী বলে দাবি করেছে বিএনপি।
মনিরামপুর থানার ওসি মোল্লা খবির আহমেদ জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার বেগারিতলা এলাকার একটি মাঠে গোলাগুলির এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে বজলুর রহমান (৪২) ও মনিরামপুর উপজেলার বেগারিতলার আবু সাইদ (৪৮)।
নাশকতার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় জয়পুর গোপীবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়ে বলে যশোর পুলিশের মুখপাত্র ও সদর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন জানান।
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে অস্ত্র ও বোমার মজুদ থাকার কথা জানালে রাতে তাদের নিয়ে বেগারিতলার ওই মাঠে অভিযানে যায় মনিরামপুর থানা পুলিশ।
“সেখানে তাদের দেখিয়ে দেওয়া একটি জায়গা থেকে নয়টি হাতবোমা, ১২টি পেট্রোল বোমা, একটি ওয়ান শুটার গান ও দুটি গুলি পাওয়া যায়।”
অভিযানের এক পর্যায়ে মাঠে লুকিয়ে থাকা বজলুর ও সাঈদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায় বলে পুলিশের এই কর্মকর্তার দাবি।
তিনি বলেন, “পুলিশের গুলির মুখে টিকতে না পেরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে বজলুর ও সাঈদকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।”
ওসি মোল্লা খবির জানান, ‘বন্দুকযুদ্ধের’ সময় পুলিশ ১২ রাউন্ড গুলি ছুড়েছে।
নিহত আবু সাইদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি এবং বজলুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে জানান তিনি।
মণিরামপুর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল জানান, নিহত দুইজনই বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।
তিনি বলেন, “জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার পর জয়পুর গ্রামে সহিংসতা হয়। সে সময়ে করা গণমামলার আসামি ছিলেন দুইজন।”
