‘মেছোবাঘ’ আতংকে ফরিদপুরের চরবাসী
ফরিদপুরে পদ্মার চরে ‘মেছোবাঘ’ আতংকে দিন কাটাচ্ছে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, গত দুই দিনে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের দুইটি গ্রামে চারটি গবাদি পশুর উপর হামলা চালিয়েছে হঠাৎ আসা এই মেছোবাঘ।
নর্থচ্যানেলের কবিরপুর ও মুনসুরাবাদ গ্রামে কয়েকটি মেছোবাঘ গত দুই দিন ধরে গবাদি পশু ও শিশুদের তাড়া করেছে। শুধু দিনেই নয় রাত জেগে পালা করে পাহারা দিচ্ছে এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মরিয়ম বিবি লিপি বলেন, “সোমবার আমি নিজেই দুটি ছোট আকারের ‘বাঘ’ দেখেছি। এগুলোর আক্রমণে এলাকার চারটি গবাদি পশু মারা গেছে।”
নর্থচ্যানেল ইউপি চেয়ারম্যান মুস্তাকউজ্জামান বলেন, এ ব্যাপারে স্থানীয় গ্রাম পুলিশকে সতর্ক করা হয়েছে। আমার ধারণা ওগুলো বড় বাঘ নয়, ‘মেছোবাঘ’। এলাকাবাসী রাত জেগে পাহারা দিচ্ছে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, ‘মেছোবাঘ’গুলোকে মেরে না ফেলার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শ দেওয়া হয়েছে। বাঘগুলো ধরতে পারলে বন বিভাগকে জানানোর জন্যও বলা হয়েছে।
