২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সংঘর্ষে বৃদ্ধ নিহত

যশোরের চৌগাছায় মসজিদের প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন, আহত হন আরও দুজন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 04:25 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

চৌগাছা থানার ওসি শহিদুল ইসলাম জানান, উপজেলার ফুলসারা মাঝেরপাড়া এলাকায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ হোসেন (৬৫) ফুলসারা গ্রামের মৃত আমির আলী বিশ্বাসের ছেলে।

আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।

ওসি জানান, এলাকার একটি মসজিদের প্রাচীর দেওয়া নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব চলছিল।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের পশ্চিম পাশে প্রাচীর দিতে গেলে একপক্ষ তা বন্ধ করে দেয়। এ ঘটনায় অপরপক্ষ লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়।

এ সময় আশরাফ হোসেনের মাথায় লাঠির আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।