চট্টগ্রামে ককটেল-পেট্রোলবোমাসহ ৩ শিবিরকর্মী ধরা
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে হাতবোমা ও পেট্রোল বোমাসহ ইসলামী ছাত্র শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাকলিয়া থানার ল্যান্ডমার্ক আবাসিক এলাকার মান্নান টাওয়ার থেকে সোমবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে ওসি মোহাম্মদ মহসিন জানান।
গ্রেপ্তাররা হলেন- সরোয়ার কামাল, শহীদুল ইসলাম ও মফিজুর রহমান রাসেল। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।
এসময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয় বলে ওসি মহসিন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মান্নান টাওয়ারের সপ্তম তলার একটি বাসা থেকে পেট্রোল বোমা ও ককটেলসহ তাদের গ্রেপ্তার করা হয়।”
বাসাটি শিবির কর্মীরা মেস হিসেবে ব্যবহার করতেন জানিয়ে তিনি বলেন, শিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর ও বাকলিয়া থানার নেতারা পেট্রোল বোমা ও হাতবোমাগুলো সেখানে রেখেছিল বলে গ্রেপ্তাররা জানিয়েছে।
“তিন শিবিরকর্মী মঙ্গলবার বাকলিয়া এলাকায় নাশকতা চালানোর পরিকল্পনার কথা স্বীকার করেছে।”
