২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগ্রহ তরুণ লেখকদের বই নিয়েও

প্রতিবছরের মতো এবারও খ্যাতিমান লেখকদের বইগুলো অমর একুশে গ্রন্থমেলার পাঠকপ্রিয়তার শীর্ষ রয়েছে। সেই সঙ্গে তরুণ লেখকদের বই নিয়েও পাঠকদের আগ্রহ দেখা যাচ্ছে।

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 11:08 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল, আনিসুল হকের বই সব বয়সী পাঠকের পছন্দে থাকছে জানিয়েই একাকি স্টলের বিক্রয়কর্মীরা বলছেন, তরুণ লেখকদের কিছু কবিতা, গল্প, উপন্যাসও সর্বাধিক বিক্রির তালিকায় প্রথম দিকে রয়েছে।

প্রয়াত হুমায়ূন আজাদের ছেলে অনন্য আজাদের লেখা ‘সতীত্ব বনাম বহুগামিতা’ বইটি এবার মেলায় এনেছে শব্দশৈলী। মেলার প্রথম ১৫ দিনে এই বইটিই এ বছর তাদের প্রকাশনার সর্বাধিক বিক্রিত বই।

শব্দশৈলীর বিক্রয়কর্মী ইউসুফ শিমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতোমধ্যেই বইয়ের প্রথম সংস্করণ শেষ হয়েছে এবং নতুন সংস্করণ আসছে।”

শব্দশৈলী থেকে প্রকাশিত ইমদাদুল হক মিলনের ভূত ১৩ রকমের, আহসান হাবীবের যতসব ভূতের কাণ্ড বই দুটিরও বেশ কাটতি রয়েছে।

এ বছর আগামী প্রকাশনী থেকে মেলায় আসা হুমায়ুন আজাদের মেয়ে মৌলি আজাদের বই ‘রূপালি জোছনায় ভেজা জীবন’ সেরা বিক্রির তালিকার অন্যতম। তরুণ লেখিকা রোকেয়া লিটার বই ‘সমকামিতা’ও এই প্রকাশনীর আরেকটি জনপ্রিয় বই।

এ বছর তরুণ লেখক লেখিকাদের ২৩টি বই প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা সাহস। বিগত বছরগুলোতেও তরুণদের বই নিয়ে এসেছিল তারা।

সাহস থেকে প্রকাশিত তানজিল রিমনের বই আমাদের ক্লাস ক্যাপ্টেন, তোমার সঙ্গে আড়ি, শাকিল মাহমুদের স্বপ্নবোনা টাট্টুঘোড়া, মদিনা জাহান রিমির ইনসমনিয়া, দেড়শ মাইল দূরের স্বর্গ, আল নাহিয়ান এর লেখা মহানগর চৌরাস্তা বইগুলো পাঠকপ্রিয়তা পেয়েছে।

সাহসের বিক্রয়কর্মী মশিউর রহমান বলেন, তরুণ লেখকদের কয়েকটি বইয়ের দ্বিতীয় সংস্করণ আনছেন তারা। রাজনৈতিক অচলাবস্থার মধ্যেও যে পরিমাণে বেচাবিক্রি হয়েছে তাতে সন্তুষ্ট তারা।

রাব্বী আহমেদের কবিতাগ্রন্থ ‘নিচের ঠোঁট কামড়ে ধরে কাঁদতে নেই’র মেলায় বেশ কাটতি বলে বিক্রয়কর্মীরা জানান। 

সোমবারই তরুণ লেখিকা জান্নাতুল মাওয়ার `নারী ও ধর্ম’ বইটি মেলায় এনেছে প্রকাশনা সংস্থা সূচিপত্র। প্রথম দিনই বিক্রি হয়েছে ১০ কপিরও বেশি বই। তুলনামূলক ধর্ম নিয়ে গবেষণারত এই তরুণী নারী অধিকার, ধর্মীয় সংস্কার বিষয়ক ভাবনা নিয়ে প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন।

মেলার ষোড়শ দিনে ৯৮টি নতুন বই এসেছে বলে তথ্যকেন্দ্র থেকে জানানো হয়। এছাড়া ১৫টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয় নজরুল মঞ্চে। 

খাপড়া ওয়ার্ডের বন্দি প্রয়াত আমিনুল ইসলাম বাদশার স্মারক গ্রন্থের মোড়ক এদিন মেলায় উন্মোচন করা হয়েছে।  

বিকাল মূল মঞ্চে অনুষ্ঠিত হয় অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী শীর্ষক আলোচনা। কাজল বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক শাহীনুর রহমান, রাশিদ আশকারী, আহমেদ রেজা, মোহাম্মদ জয়নুদ্দীন আলোচনায় অংশ নেন।

আহমেদ রেজা বলেন, আমাদের  কবিতা, গদ্য ও অনুবাদ সাহিত্যে জিল্লুর রহমান সিদ্দিকীর ভূমিকা অসাধারণ।  সৃষ্টিশীল সাহিত্যে যেমন তার প্রতিভার প্রকাশ ঘটেছে তেমনি বাংলা একাডেমির ইংরেজি-বাংলা অভিধান সম্পাদনায় তার কৃতিত্ব ছিল অনন্যসাধারণ।

আলোচকরা বলেন, সদা নিম্নকণ্ঠ জিল্লুর রহমান সিদ্দিকী মতপ্রকাশের স্বাধীনতা এবং মানুষের অধিকারের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন। অজাতশত্রু মানুষটি যেমন ছিলেন খ্যাতিমান শিক্ষাবিদ ও প্রশাসক তেমনি সামাজিক দায়িত্ববোধের দিক থেকেও তিনি ছিলেন তুলনারহিত।

সন্ধ্যায় মেলার মূল মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক আসর। নৃত্য সংগঠন ‘ভোরের পাখির শিল্পীরা সেখানে পরিবেশনা করে। সংগীত পরিবেশন করেন ফাহিমা হোসেন চৌধুরী, খায়রুল আনাম শাকিল, চঞ্চল খান, ইয়াসমিন মুশতারী, মকবুল হোসেন, চৌধুরী মোস্তাক হোসেন, অচিন্ত কুমার হাজং, বিবেকানন্দ দাস এবং মোহাম্মদ হানিফ। যন্ত্রাণুষঙ্গে ছিলেন গৌতম মজুমদার (তবলা), গাজী আবদুল হাকিম (বাঁশি), আবু কামাল (বেহালা), নাজমুল আলম খান (মন্দিরা) এবং রবিনস চৌধুরী (কী-বোর্ড)।

বিপিএল’র নতুন বই

মেলার ষোড়শ দিনে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের ছোটগল্প সঙ্কলন ‘প্রাচীন কালের যে-সব ভয়’ এনেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশনা সংস্থা বিপিএল।

বিপিএল এর নির্বাহী পরিচালক অনিন্দ্য রহমান জানান, বিভিন্ন দেশের প্রেক্ষাপটে ১২টি গল্প রয়েছে বইটিতে। লেখক গল্পের বিভিন্ন চরিত্রের ভেতর দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সংকটগুলিকে তুলে ধরেছেন।

মেলায় আরও কয়েকটি বই আনা হচ্ছে বলে জানান তিনি।