২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে নৌমন্ত্রীর মিছিলে হামলার নিন্দায় প্রধানমন্ত্রী

গুলশানে শ্রমিক-কর্মচারী, পেশাজীবি ও মুক্তিযোদ্ধাদের মিছিলে বোমা হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 10:55 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গুলশানে শ্রমিক-কর্মচারি, পেশাজীবি এবং মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশ ও দেশের অন্যান্য স্থানে কাপুরুষোচিত বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী।”

সোমবার খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাওয়ে যাওয়ার পথে নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে হাতবোমা হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।

বেলা সোয়া ১২টার দিকে মিছিলটি গুলশান দুই নম্বর মোড়ের মেট্রোপলিটন শপিং মল পার হওয়ার সময় মার্কেটের ওপর থেকে ৬-৭টি বোমা ছোড়া হয়।

বোমা হামলায় আহতদের মধ্যে বাবুল আহমেদ (৫৪), মোতালেব খালাসি (২২) ও ওবায়দুল খালাসি (২১) নামের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।