২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নতুন মুখ্যসচিব

প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 08:36 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

আবদুস সোবহান সিকদার অবসরে যাওয়ায় আবুল কালাম আজাদকে ওই পদে নিয়োগ দিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন হয়েছে।

আবুল কালাম আজাদের শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরাইয়া বেগমকে। এই নারী কর্মকর্তা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্ব পালন করবেন।

২০১৪ সালের ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসাবে নিয়োগ পান আবুল কালাম আজাদ। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন।

১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের কর্মকর্তা আজাদের জন্ম ১৯৫৭ সালের ৭ জানুয়ারি, জামালপুরে। ২০১৬ সালের ৬ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা।

সুরাইয়া বেগম এর আগে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য, সংস্কৃতি মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।

১৯৮২ ব্যাচের বিসিএস কর্মকর্তা সুরাইয়া ২০১৭ সালের ৩১ জানুয়ারি অবসরে যাবেন।

সুরাইয়াকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে বদলি করায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কানিজ ফাতেমাকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার এছাড়াও চার অতিরিক্ত সচিব এবং ১৩ যুগ্ম-সচিবের দপ্তর বদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেনকে পাট অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য তপন কুমার চক্রবর্তী এই কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব এমদাদ হোসেনকে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. ময়েজুদ্দীন আহমেদকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

অতিরিক্ত সচিব আব্দুল মান্নানকে পাট অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে বদলির আদেশটি বাতিল করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মেসকাত আহমেদ চৌধুরীকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শ্যামা প্রসাদ বেপারীকে উচ্চ মাধ্যমিক স্থরের উপবৃত্তি প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।

ওএসডি যুগ্ম-সচিব জ্যোতির্ময় সমাদ্দরকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক এবং যুগ্ম-সচিব রুহিদাদ যোদ্দারকে উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পঁচন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

ওএসডি যুগ্ম-সচিব মো. হুমায়ুন কবিরকে তিনটি হ্যান্ডলুম স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক, মো. আব্দুর রবকে খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে যুগ্ম-সচিব মো. আব্দুর রউফ খানকে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য নিয়োগ করা হয়েছে।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের দুই যুগ্ম-সচিব মো. রফিকুজ্জামানকে বিমান মন্ত্রণালয়ে এবং মো. আমিনুল ইসলাম খানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

ওএসডি যুগ্ম-সচিব হুসনে আরাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি এবং সৈয়দ আবু আসাদকে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত (প্রতিযোগিতা কমিশনে সচিব হিসেবে) করা হয়েছে।

এছাড়া খুলনা জেলা কারাগার নির্মাণে প্রকল্পের প্রকল্প পরিচারক মোহাম্মদ হুমায়ুন কবীরকে ওএসডি এবং ওএসডি যুগ্ম-সচিব মো. আবু ইউসুফকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পেয়েছেন।