বেনাপোল ও ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে আহত ২
একইদিনে যশোরের বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফ দুই বাংলাদেশিকে গুলিতে আহত করেছে।
সোমবার যশোরের দৌলতপুর সীমান্তে ইছামতি নদীর তীরে একটি এবং সাতক্ষীরার ভোমরা সীমান্তের ওপারে অপর ঘটনা ঘটে।
বিএসএফ বারবার সীমান্তে গুলিবর্ষণের হার শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও গুলিতে বাংলাদেশি হতাহতের ঘটনা প্রায়ই ঘটে চলেছে।
বেনাপোল ও যশোর প্রতিনিধি জানান, দৌলতপুর সীমান্তে এ ঘটনায় আহত শরিফুল ইসলাম (২৫) বেনাপোলের গয়ড়া গ্রামের বাবর আলীর ছেলে। তিনি সীমান্তে ভারতীয় গরু আনার কাজ করেন বলে স্বজনরা জানিয়েছেন।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
শরিফুলের সহযোগী রাখালদের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবু রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৬টার দিকে শরিফুলসহ কয়েকজন ভারতীয়দের কাছ থেকে গরু নেওয়ার জন্য দৌলতপুর সীমান্তে ইছামতি নদীর তীরে বাংলাদেশ এলাকায় অপেক্ষা করছিলেন।
ওই সময় ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায়। এতে শরিফুল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার সহযোগিরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
শরিফুলের ভাই আতাউর রহমান জানান, দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আহত শরিফুলের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেলে নিতে বলা হয়।
এ ব্যাপারে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সরোয়ার হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরিফুলের শরীরের উপরের অংশে শতাধিক ছররা গুলি ঢুকেছে।
প্রাথমিক অস্ত্রোপচারের পর শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে ঢাকা নিয়ে যেতে বলা হয় বলে জানান ডা. সরোয়ার।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়ন দৌলতপুর ক্যাম্পের সুবেদার সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি স্থানীয়ভাবে শুনেছেন। বিষয়টির খোঁজ খবর নেওয়া হচ্ছে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সকালে সাতক্ষীরার ভোমরা সীমান্তেও বিএসএফের গুলিতে আহত সাইফুল ইসলাম (৪০) সাতক্ষীরা শহরের গড়েকান্দা গ্রামের মো. জিন্নাহর ছেলে। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তার পিঠে গুলি ঢুকে পেট দিয়ে বের হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
প্রতিনিধি/ডিডি/১৮১৪ ঘ.
লিংক
ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১
