ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১
সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।
বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়ন কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর নজির আহমেদ বকশি জানান, সোমবার সকালে এ ঘটনায় আহত হন সাইফুল ইসলামকে (৪০) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি শহরের গড়েকান্দা গ্রামের মো. জিন্নাহর ছেলে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মারুফ হাসান বলেন, সাইফুলের পিঠ দিয়ে গুলি ঢুকে পেটের দিক দিয়ে বেরিয়ে গেছে। তবে, এখন তার অবস্থা আশঙ্কামুক্ত।
মেজর নজির আহমেদ বকশি জানান, সকালে সদর উপজেলার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তের শিবতলা-নেকুদা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সাইফুলের পরিবার জানায়, রোববার বিকালে কয়েকজন সহযোগী নিয়ে সাইফুল ভারতে যান গরু আনতে। সোমবার সকালে দেশে ফেরার পথে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উপর গুলি চালায়।
এতে সাইফুল গুলিবিদ্ধ হলে সহযোগীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান বলে জানান তারা।
