কক্সবাজারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
কক্সবাজারের রামুতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে আইরিন সুলতানা নয়নের (২২) মৃতদেহ দেখতে পায় কক্সবাজার সদর থানা পুলিশ।
আইরিন সুলতানা উপজেলার রাজারকূল ইউনিয়নের রাংকূট সংলগ্ন মাদ্রাসা এলাকার মীর কাশেমের স্ত্রী এবং কক্সবাজার শহরের এসএম পাড়ার কলিম উল্লাহর মেয়ে।
শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যার পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আইরিনের বাবা কলিম উল্লাহ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি কাজী মতিউল ইসলাম জানান, ঘটনাটি রামু থানায় ঘটেছে। এ ব্যাপারে রামু থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে বাবার কাছে হস্তান্তর করা হবে।
রামু থানার ওসি সাইকুল আহমদ ভূঁইয়া জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়নের বাবা কলিম উল্লাহ বলেন, সোমবার সকালে মেয়ের চাচা শ্বশুর সামশুল আলম রামু স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রেখে চলে যান। বিষয়টি সকাল ৯টার দিকে মেয়ের জামাতার এক বন্ধু ফোনে তাকে জানায়।
তিনি বলেন, “খবর পেয়ে হাসপাতালে গিয়ে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পাই।”
রোববার গভীর রাতের কোনো এক সময় তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
চার বছর আগে কাশেমের সঙ্গে আইরিনের বিয়ে হয়।তাদের সংসারে আড়াই বছরের একটি ছেলে রয়েছে। এক মাস আগে কাশেম সাগর পথে মালয়েশিয়ায় যান বলেও জানান কলিম উল্লাহ।
তিনি অভিযোগ করেন, মালয়েশিয়া পাঠানো দালাল চক্রের টাকা পরিশোধ করতে তার মেয়েকে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা এনে দিতে চাপ দেয় শ্বশুর বাড়ির লোকজন। দাবি করা টাকা দিতে না পারায় তার মেয়েকে নির্যাতন করে হত্যার পর ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করছে তারা।
এ ব্যাপারে নিহতের শ্বশুর বাড়ির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
