২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভায় গরহাজির, উপস্থিত খালেদার কার্যালয়ে

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নিজের মন্ত্রণালয়ের এজেন্ডা প্রত্যাহার করে সভায় অংশ না নিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করলেন নৌমন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 03:38 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে সোমবার শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে গুলশানে খালেদার কার্যালয় ঘেরাও হয়। শ্রমিক নেতা শাজাহান খান এই পরিষদের আহ্বায়ক।

গুলশান ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে শাজাহান খানের নেতৃত্বে যখন কর্মসূচি পালিত হচ্ছিল, তখন সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। 

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, বৈঠকে তিনটি এজেন্ডা থাকলেও নৌ মন্ত্রণালয়ের একটি এজেন্ডা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

“১৯০৮ সালের পোর্টস্ অ্যাক্ট আছে এটা সংশোধন করতে হবে। মাননীয় মন্ত্রী (নৌমন্ত্রী) আজকে ছিলেন না, তাই এটা (এজেন্ডা) আলোচনা হয়নি,” বলেন সচিব।

গত ৫ জানুয়ারি থেকে চলমান হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে পরিবহণসহ বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি পালন করে আসছে।

পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান সোমবার নিজেই কর্মসূচিতে নেতৃত্ব দেন।

পুরনো খবর:

খালেদার গলিতে শাজাহানের সমাবেশ